ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন আহমাদিনেজাদ

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে দেশটিতে প্রেসিডেন্ট পদ এখন ফাঁকা রয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে এ পদে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। আগামী ২৮ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয় টেলিগ্রাম চ্যানেল ‘দোলাত বাহার’-এ শনিবার এক ভিডিও বার্তায় আহমাদিনেজাদ বলেছেন, পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বেই। আমি আশা করি, আমরা শিগগিরই সুন্দর পরিবর্তন দেখতে পাব।

ইরানের বর্তমান পার্লামেন্টে আহমাদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছেন। তারা ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে আহমাদিনেজাদ অন্যতম।

ইরানের পার্লামেন্টে তাবরিজ অঞ্চলের প্রতিনিধি আহমাদ আলীরেজা বেইগি বলেছেন, যদি মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আমরা জয় পাবই।

তবে তিনি ২০১৭ ও ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করার বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আহমাদিনেজাদকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন দেবে। কারণ, তিনি যদি প্রার্থী হন এবং এই প্রার্থিতাও যদি বাতিল হয়ে যায়, তবে এটি খুব বাজে পরিণতি নিয়ে আসবে।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ। এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোর কঠোর সমালোচনা করেন। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *