এমবাপ্পের চুক্তি সম্পন্ন রিয়ালের সঙ্গে

গত কয়েক বছর ধরেই পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে ভেড়ার খবর অনেকবার এসেছে। তবে নানা নাটকীয়তায় আর ক্লাব ছাড়া হয়নি। তবে এবার মৌসুম শেষ হওয়ার আগে এমবাপ্পে নিজেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারপর গণমাধ্যম থেকে ভক্ত; বেশিরভাগই ধরে নিয়েছেন স্বপ্নের ক্লাব রিয়ালেই ভিড়ছেন এমবাপ্পে। এবার দলবদলের বাজারে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সেই সম্ভাবনাকে বাস্তব বলেই ঘোষণা দিলেন।

ফেসবুকে দেওয়া পোস্টে রোমানো লিখেছেন, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, চুক্তি সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এমবাপ্পেকে সই করার ঘোষণা আগামী সপ্তাহেই দেবে রিয়াল। প্রত্যেক নথিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গত ফেব্রুয়ারিতে এমবাপ্পে (রিয়ালে আসার) এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বড় এই পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে সারলেন। তাকে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বলা যেতে পারে। ইতিহাস তৈরি হয়েছে।

গত মাসে এমবাপ্পে ঘোষণা দিয়েছিলেন, পিএসজিতে আর থাকছেন না তিনি। জুন মাসের ৩০ তারিখে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় তার। এরপর এটা ওপেন সিক্রেট হয়ে যায় যে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদেই আসছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইউরো চ্যাম্পিয়নশিপের পরই এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসবে রিয়াল।

২৫ বছর বয়সী এমবাপ্পে এরই মধ্যে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, একবার জিতেছেন। জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কারও। এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো জেতা হয়নি তার।

জিভিসি নিউজ / ইস


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *