ফেবারিট দল হিসেবেই বিশ্বকাপ খেলতে যায় পাকিস্তান দল। অথচ প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে তারা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে।
এমন বাজে পারফরম্যান্সের কারণে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তো একরকম হুমকিই দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, শিগগিরই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানের বর্তমান দলটির ভেতরের খবর ফাঁস করবেন।
ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে আফ্রিদির কাছে পাকিস্তান জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব নিয়ে জানতে চাওয়া হয়েছিল। পাশেই অতিথি চেয়ারে বসে থাকা ২২ বছর বয়সী তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমকে দেখিয়ে আফ্রিদি বলেন, সে অনেক কিছুই জানে। আমিও জানি। কিন্তু আমরা খোলামেলাভাবে সব বলতে পারি না।
আফ্রিদি বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্য, একে অপরের সঙ্গে কীভাবে থাকবে, তা নিশ্চিত করার দায়িত্ব অধিনায়কের। অধিনায়ক হয় দলে ইতিবাচক মানসকিতা তৈরি করবেন নতুবা সেটি নষ্ট করবেন বলেই মন্তব্য করেছেন আফ্রিদি। কোচ ও ম্যানেজমেন্টের আগের দলকে একসূত্রে গাঁথার দায়িত্ব অধিনায়কের বলেই মনে করেন তিনি, দলকে মাঠে লড়াই করানোর দায়িত্ব অধিনায়কের।
জিভিসি নিউজ / ইস

Leave a Reply