September 21, 2026, 9:42 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটনায় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের ১৬তম দিনের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

ড. আলী রীয়াজ বলেন, উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতদের খবর অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাই আমরা বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটনায় গভীর শোক জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের ১৬তম দিনের বৈঠক স্থগিত করা হয়েছে। গতকাল কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এ সিদ্ধান্তের কথা জানান। এ দিনের আলোচ্য বিষয় ছিল- কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একইসঙ্গে দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন কিনা এবং সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সমপ্রীতি উল্লেখ থাকা।

প্রথম পর্বের বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, কমিশনের কাছে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এখন পর্যন্ত যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেসব বিষয়ের একটা খসড়া শিগগিরই প্রদান করেন। কোনো ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি’র ৩১ দফার চতুর্থ পয়েন্টের মধ্যে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও মন্ত্রিপরিষদের মধ্যে উনারা ক্ষমতার ভারসাম্য করবেন। আজকের বৈঠক এটিরই একটা ব্যাখ্যা, তাই এ বিষয়ে বিএনপিরও একমত হওয়া উচিত। গণভবনে আওয়ামী লীগের সম্মেলন ঘটেছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার কারণে। এ ছাড়া সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সমপ্রীতির পরিবেশ বহাল রাখার বিষয়ে সকলে একমত পোষণ করেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সমপাদক সাইফুল হক বলেন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে একইসঙ্গে দলীয় প্রধান হিসেবে থাকা উচিত নয় বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, সংবিধানের যে চারটি মূলনীতি রয়েছে, সেটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতীক। আমরা বলেছি, রাষ্ট্রপরিচালনার ওই চার মূলনীতির সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সমপ্রীতি যুক্ত করা যেতে পারে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একই ব্যক্তি যদি রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন, তাহলে রাষ্ট্রের সকল ক্ষমতা এককভাবে তার হাতে কেন্দ্রীভূত হয়। ফলে, এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে, যা স্বৈরাচারী প্রবণতাকে উৎসাহিত করে এবং গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে। তিনি আরও বলেন, দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা- এ তিনটি গুরুত্বপূর্ণ পদে পৃথক তিনজন দায়িত্ব পালন করলে নেতৃত্বের বিকাশ ঘটে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন ছাড়াও সিপিবি, বাসদ, এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাসদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণফোরামসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।