যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ‘আইকন অব দ্য সিজ’। 27 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে সাত রাতের জন্য পূর্ব ও পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে যাত্রা শুরু করে ‘আইকন অব দ্য সিজ’। সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক। বিপুল উৎসাহ-কৌতূহল নিয়ে সেই জাহাজে চড়েছিল মানুষ। প্রথম যাত্রাতেই আটলান্টিকে ডুবে গেছে সেই ঐতিহাসিক জাহাজ। কত শোকগাথা, গল্পগাথা সেই জাহাজকে ঘিরে। দিন গেছে, তারপর টাইটানিকের চেয়ে আরও বড় জাহাজ এসেছে। কিন্তু টাইটানিকের মতো বিশ্ববাসীর মনে আর কোনোটিই সেভাবে জায়গা করে নিতে পারেনি। এবার সাগরে আসছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি, যা টাইটানিকের চেয়ে দেড় গুণ বড়। মালিকপক্ষের দাবি মানলে এই প্রমোদতরি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। ইউরোপের দেশ ফিনল্যান্ডে এই প্রমোদতরি তৈরি করা হয়েছে।
রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন ‘আইকন অব দ্য সিজ’ নামের এই প্রমোদতরির দৈর্ঘ্য ৩৬৫ মিটার বা প্রায় ১ হাজার ২০০ ফুট। আনুমানিক ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। ওজন ধারণের ক্ষমতা বোঝাতে বলা যায়, প্রমোদতরিটি দুটি সিএন টাওয়ারকে ভাসিয়ে রাখতে পারবে। কানাডার টরন্টোয় অবস্থিত সিএন টাওয়ারের উচ্চতা প্রায় ৫৫৩ মিটার বা ১ হাজার ৮১৫ ফুট।
বিশাল এই প্রমোদতরিতে প্রায় ৫ হাজার ৬১০ যাত্রী ও ২ হাজার ৩৫০ ক্রু থাকার সুব্যবস্থা রয়েছে। এতে থাকছে একটি ‘ওয়াটার পার্ক’। এটিই হতে যাচ্ছে সমুদ্রে ভাসমান বিশ্বের বৃহত্তম ‘ওয়াটার পার্ক’। এর নাম রাখা হয়েছে ‘ক্যাটাগরি সিক্স’। এই পার্কে রেকর্ডসংখ্যক ছয়টি ‘ওয়াটার স্লাইড’ যুক্ত থাকবে। তবে যেসব অতিথি অবকাশে আরও বেশি রোমাঞ্চ উপভোগ করতে চাইবেন, তাঁদের জন্য প্রমোদতরিতে থাকছে সাতটি পুল ও নয়টি ঘূর্ণিজলের ব্যবস্থা।
ফিনল্যান্ডের ‘মায়ার তুর্কু’ নামক শিপইয়ার্ডে এই প্রমোদতরি নির্মাণ করা হয়েছে। তুর্কু শহরে অবস্থিত এই শিপইয়ার্ড ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বেশ সুপরিচিত।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরির খেতাবের মালিক ‘ওয়ান্ডার অব দ্য সিজ’। এটিরও মালিক রয়্যাল ক্যারিবিয়ান। এই প্রমোদতরি গত বছরই উদ্বোধনী যাত্রা করে। এটির দৈর্ঘ্য ১ হাজার ১৮৮ ফুট। অর্থাৎ আইকন অব দ্য সিজের চেয়ে এটি কিছুটা ছোট। ওয়ান্ডার অব দ্য সিজে ডেক রয়েছে ১৮টি।
রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ভাষ্য, আইকন অব দ্য সিজে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ৫০ বছরের ইতিহাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রমোদতরি নির্মাণ করছে তারা।
রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাইকেল বেইলি গণমাধ্যমকে বলেছিলেন, তাঁরা এই প্রমোদতরিকে পারিবারিক অবকাশের দারুণ একটি জায়গা হিসেবে তৈরি করছেন। এটি তৈরিতে যে কর্মশক্তি ও সময় ব্যয় হয়েছে, তাকে এককথায় অভূতপূর্ব বলা যায়।