এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা ও ব্যবসায়ী মানবেন্দ্র মজুমদার মানব আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির পক্ষ হতে চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চলেছেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে তার নাম স্থানীয় মানুষের মধ্যে আলোচিত হচ্ছে। তিনি এলাকায় জনসংযোগ শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৬/৯/২০২৬) এলাকা সরেজমিন পরিদর্শনকালে জানা গেছে, ১৯৯৯ সালে মানবেন্দ্র মজুমদার মানব চিতলমারীর শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সন্তোষপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি গ্রামে তার পৈত্রিক বাড়ি।
সন্তোষপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলক মজুমদার জানান, তাদের ইউনিয়ন এলাকা শতভাগ কৃষি ও মৎস্য নির্ভর অর্থনীতির উপর চলমান থাকে। এখানকার স্থানীয় মানুষদের প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনা তরে কৃষি ও মৎস্যজীবিদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিতকরণে যিনি ভূমিকা রাখতে পারবেন তেমন লোকের চেয়ারম্যান হওয়া দরকার। মানবেন্দ্র মজুমদার মানব সন্তোষপুর ইউপি চেয়ারম্যান পদের জন্য উপযুক্ত। তার সাথে দেশ-বিদেশের নানা পেশার মানুষের সাথে পরিচয় ও সম্পর্ক আছে। এটা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
দড়িউমাজুড়ি গ্রামের হরিবর বৈরাগীর ছেলে অরুণ বৈরাগী (কবিরাজ) জানান, মানব ওরফে মানবেন্দ্র মজুমদারের গ্রহনযোগ্যতা রয়েছে সকল মানুষের কাছে। সে সকল সময় স্থানীয় মানুষের কল্যাণের কথা ভাবে। সুখে-দুখে যেকোন সময় অসহায় মানুষের পাশে দাড়ায়। বয়সে তরুণ। সকলের মতামত পেলে ইউপি চেয়ারম্যান হিসেবে সে নির্বাচিত হবে বলে বিশ্বাস করি।