রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাসনিয়া (১৫)।
শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (২৩ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ২১ জুলাই মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ তাসনিয়াকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। শনিবার সকাল আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জন মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ২৩ জন। এছাড়া ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেকে ৩৭ নিহত হন। আহত হন অনেকে। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন। তাদের কারো কারো অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। নিহতের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।