বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গেল মাসের ১৯ তারিখ। এর প্রায় একমাস পর নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। আর এর সূত্রপাত্র- আদালতে রিট করার মধ্যদিয়ে। রিটে পরাজিত প্রার্থী সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন।
এ নিয়ে গেল বৃহস্পতিবার এফডিসিতে এসে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডিপজল কথাও বলেন গণমাধ্যমে। তার কথায়, কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা ভদ্রতা ও নম্রতা চাই। আমরা চাই কীভাবে চলচ্চিত্র এগিয়ে নেয়া যায়, সেদিকে কাজ করার। আমরা কোনো ঝামেলা চাই না।
একই দিন সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।
নিপুণ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ডি এ তায়েবের কথার প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিষয়টি যেহেতু আদালতে উঠেছে, সেখানেই দেখা যাবে এটা নাটকীয় না রিয়েলিটি।
অভিনেত্রী নিপুণ বলেন, আমি ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না। তিনি কি অভিনেতা, একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা? তার কোন সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন- তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব।
জিভিসি নিউস/ ইস