সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তারা এ সময় প্রধান উপদেষ্টাকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। আসন্ন দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সাথে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।’
হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামন্ডপ বেড়েছে। সারাদেশে পূজামন্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
তারা জানান, অন্তর্বর্তী সরকারের সকল পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, ধর্ম উপদেষ্টা নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ রাখেন, মন্দির পরিদর্শন করেন। দুর্গাপূজা উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমে গতবারের মতো এবারো নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে আমরা আশা করছি।