আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ এফ এম রাসেল পাটোয়ারী। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আল-আমিন শাওন।
সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শামছুল আলম ও নির্বাহী পরিচালক হিসেবে খন্দকার সাইফুল ইসলাম সজলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পরিচালকদের মতামতের ভিত্তিতে শীর্ষ এই পদগুলোতে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
পরবর্তীতে নবনির্বাচিত চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান (সিনিয়র ভাইস চেয়ারম্যান) পদে এ এফ এম রাসেল পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন শাওনকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত নেতৃত্বকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে অন্যান্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সেসব পদের চূড়ান্ত বিজয়ীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর মধ্য দিয়েই এবারের নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।