বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান ও জনবান্ধব করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূলত গ্রাম আদালতের চলমান কার্যক্রমের অগ্রগতি, মামলা নিষ্পত্তির হার এবং মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার কার্যকর সমাধান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ যাতে দ্রুত, সহজে ও হয়রানিমুক্তভাবে ন্যায়বিচার পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের আইনি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের বাগেরহাট জেলা ম্যানেজার নাজমুল হাসান, চিতলমারী উপজেলা সমন্বয়কারী পলাশ বর্মনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা (এএসিও)।