টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ চলছে। আটলান্টিক পাড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আর মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কুড়ি ওভারের ক্রিকেটের বড় আসর। টুর্নামেন্টের অষ্টম দিনের মাথায়, এবার নতুন এক টুর্নামেন্টের সময় নির্ধারণ করেছে আইসিসি। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি।
ওয়ানডে ফরম্যাটে ৮ দলের এই আসরের জন্য ফেব্রুয়ারি-মার্চের স্লট বেছে নিয়েছে আইসিসি। ক্রিকেটবিষয়ক অনলাইন পোর্টাল ক্রিকবাজ একাধিক বোর্ডের সূত্রে জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ সালের আসর।
৮ দলের এই বৈশ্বিক আসর দিয়ে ২০০৮ সালের পর বহুজাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে। আইসিসি আগেই টুর্নামেন্টে যুক্ত ৮ দলকে এই খবর জানিয়ে দিয়েছে। কবে কোন ম্যাচ হবে, সেই ফিক্সচার এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। শুরুতে ভাবা হয়েছিল পাকিস্তানে অনুষ্ঠিত এই আসর শুক্রবারে শুরু করে রবিবার শেষ করা হবে। তবে ক্রিকবাজের হাতে থাকা তথ্য সত্যি হলে, উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বুধবার। আর ফাইনাল হবে রবিবারেই।
চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু হিসেবে পাকিস্তানকেই এখন পর্যন্ত ধরে রেখেছে আইসিসি। যদিও সেখানে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হলে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যায়।
জিভিসি নিউজ / ইস

Leave a Reply