মাকে হত্যার পর সারারাত লাশের পাশে বসে ছিলেন ছেলে

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৭০) নামের এক মা। রবিবার রাতে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে।  পরে সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী, আর বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। জাবের নেশা করায় গত তিনদিন ধরে তাকে ঘরে আটকে রাখা হয়েছিলো। রবিবার রাতে ছেলে ডাকাডাকি করায় মা ঘরে গেলে ক্ষিপ্ত হয়ে দরজার হাতলে আঘাত করে হত্যা করে। বিষয়টি প্রতিবেশিরা জানতে পেরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাবেরকে আটক ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকে হত্যা করে। হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙ্গাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাবেরের সৎ ভাই খলিলুল্লাহ এঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *