পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। বিশেষ করে ৭৮ নং গুয়ারেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গুয়ারেখা-ভরতকাঠি বালিকা বিদ্যালয় ও কালীবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা বর্তমানে চলাচলের অযোগ্য।
স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন ইউপি সদস্য মিজান গাজী। তবে নির্বাচনের পরপরই তিনি ঢাকায় চলে যান এবং নিজেকে একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ব্যস্ত দেখিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমের দায়িত্ব অর্পণ করেন তার আপন বড় ভাই লাভলু গাজীর ওপর, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গুয়ারেখা ভরতকাঠি বালিকা বিদ্যালয় ও কালীবাড়ি পর্যন্ত এই প্রায় দুই কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করলেও পুরো রাস্তাজুড়ে চারটি বড় ভাঙন সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে কাদা-পানিতে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।
সরেজমিনে অনুসন্ধানকালে স্থানীয় বাসিন্দারা জানান, চেয়ারম্যান মিজান গাজী নির্বাচনের পর থেকে এলাকায় খুব কমই আসেন। রাস্তাঘাট সংস্কারের বিষয়ে একাধিকবার ফোনে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,
চেয়ারম্যানের নিজের বাড়ির সামনের রাস্তা ঠিকই পাকা করা হয়েছে, কিন্তু আমাদের এলাকার রাস্তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।
আরেকজন বলেন, শিক্ষার্থীরা কাদা-পানি মাড়িয়ে স্কুলে যায়। কোনো দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে?
অনুসন্ধানে আরও জানা যায়, ইউনিয়নে আসা কাবিখা প্রকল্পের কাজগুলোতেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব কাজ মিজান গাজীর নির্দেশে তার ভাই লাভলু গাজী বাস্তবায়ন করেছেন, যেখানে কাজের মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে চেয়ারম্যান মিজান গাজীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলু গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা যেসব লিখেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের নামে পত্রিকায় লিখে দেন।
এলাকাবাসীর প্রশ্ন- নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি তাহলে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন বেহাল রাস্তা থাকা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলরা কি শুধুই নিজেদের সুবিধা দেখছেন?
গুয়ারেখা ইউনিয়নের রাস্তাঘাটের এই বেহাল দশা দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
(চলবে… ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন)