বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক গৃহবধূকে মারধর করে রক্তাক্ত করার পর এখন মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আদালত থেকে জামিনে বেরিয়ে আসামিরা পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও এ হুমকি দেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী গৃহবধূ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী ওই গৃহবধূর নাম আছমা খানম (৩৭)। তাঁর স্বামী মিঠুন মুন্সি। তাঁদের বাড়ি চিতলমারী উপজেলার বড়গুনি উত্তরপাড়া গ্রামে।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত ৭ জুলাই সন্ধ্যায় নিজ বাড়িতে হামলার শিকার হন আছমা খানম। একই এলাকার লুৎফর রহমানের ছেলে মো. আলামিন শেখ (৫০), ইসরাফিল শেখ (৪০) এবং ইসরাফিল শেখের দুই ছেলে মিকাইল শেখ (২৪) ও মৃত্তাকিন শেখ (২২) তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় ১০ জুলাই আছমা খানম বাদী হয়ে চিতলমারী থানায় ওই চারজনের বিরুদ্ধে দণ্ডবিধির ধারায় একটি মামলা (নম্বর ১০) করেন।
মামলা দায়েরের পর আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পান। অভিযোগ উঠেছে, গত ২৪ জুলাই বিকেল আনুমানিক পাঁচটার দিকে চিতলমারীর নালুয়া বাজার ব্রিজের কাছে আসামিরা আছমা খানমের পথরোধ করেন। এ সময় তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পরদিন ২৫ জুলাই চিতলমারী থানায় একটি জিডি (নম্বর ১৪০৫) করেন আছমা খানম।
ভুক্তভোগী আছমা খানম বলেন, ‘হামলার ঘটনায় মামলা করার পর থেকেই আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা তুলে নিতে আমাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।’ তিনি আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।