‘তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ীতে এক মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুতুবখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬২ নম্বর ওয়ার্ড বিএনপি, এর অঙ্গসংগঠন এবং স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি যৌথভাবে এই সচেতনতামূলক সভার আয়োজন করে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম নিজামি মাদকের ভয়াবহতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তার সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং জসিমউদ্দীন মুকুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা দক্ষিণের পরিদর্শক মো. হানিফ, ৬২ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর সৈয়দ আহমেদ, যাত্রাবাড়ী থানার স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যান সোসাইটির সভাপতি মুফতী ছাকিবিল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, হাজী মো. জসিমউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহআলম মুন্সী।
সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। উপস্থিত জনতার হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডেও এসব দাবি শোভা পায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পরিবহন খাতকে নিরাপদ রাখতে চালক ও হেলপারদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা, কলেজ-বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, অনুমোদিত মদের বারগুলোতে অবৈধ মাদক বিক্রি ও শিশু-কিশোরদের প্রবেশ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপ এবং সরকারি খরচে মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক ছোট লিফলেট বিতরণ করা হয়। এতে ইয়াবা, আইস, এলএসডি, হেরোইন ও ড্যান্ডির মতো ভয়ংকর মাদকের শারীরিক ও মানসিক ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়। পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে অধিদপ্তরের হটলাইন নম্বর (০১৯০৮৮৮৮৮৮৮) লিফলেটে প্রচার করা হয়।
সমাবেশ শেষে কুতুবখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বউবাজার এলাকা পর্যন্ত একটি সুবিশাল মাদকবিরোধী র্যালি প্রদক্ষিণ করে।