পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে পাবনা-ঈশ্বরদী রুটে রেল যোগাযোগ।
সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বগী দুটি উদ্ধরে কাজ চলছে।
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে পৌঁছালে হঠাৎ করেই ট্রেনটি দুটি বগীর আটটি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহত হয়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে বগি দুটি উদ্ধারের কাজ শুরু হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যে কারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এই একটি মাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো, ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।
বীরবল মণ্ডল আরো জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।