নিজের প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য র্যাডিক্যালস নিয়ে কান উৎসবে অংশ নিয়েছেন দেশের নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো।
জানা গেছে, ফিলিপাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। প্রযোজনায় ক্রিস্টিন ডে লিয়ন। আদনান আল রাজীব ও তানভীর হোসেনের সঙ্গে এটি সহ-প্রযোজনা করেছেন ডমিনিক ওয়েলিনস্কি।
কানের সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইক-এর ৬৩তম আসরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। এরইমধ্যে আদনান আল রাজীব কানে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা।
বাংলাদেশি চলচ্চিত্রাঙ্গন থেকে কান উৎসবে যোগ দেওয়ায় রাজীবকে শুভেচ্ছায় ভাসিয়েছেন সহকর্মীরা। অভিনেতা সাজু খাদেম, নির্মাতা মোস্তফা কামাল রাজ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূরসহ অনেকেই সামাজিকমাধ্যমে শুভকামনা জানিয়েছেন তাকে।
ফিলিপাইনের সংস্কৃতি মোরগ-নাচের একটি প্রতিযোগিতাকে ঘিরে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র র্যাডিক্যালস। গল্পে দেখা যাবে, একটি মোরগ-নৃত্যদলের আনাড়ি এক তরুণ বাজে নাচের কারণে উপহাসের মুখে পড়ে। একের পর এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে সে বুঝতে পারে দলটি তাদের দুর্বলতাকে কীভাবে উতরে উঠবে। এতে অভিনয় করেছেন টিমোথি কাস্তিলো, রস পেসিগ্যান, এলোরা এসপানো।
এর আগে কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টর`স ফোর্টনাইটে ২০০২ সালে মনোনয়ন পেয়েছিল তারেক মাসুদের মাটির ময়না। পুরস্কারও জিতে নিয়েছিল এটি। এ ছাড়া ২০২১ সালে বাংলাদেশ থেকে কানের অফিসিয়াল সিলেকশনে প্রথম সিনেমা হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর।
জিভিসি নিউস/ ইস