১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল অনন্ত ভালোবাসা নামের একটি সিনেমা। সোহানুর রহমান সোহান পরিচালিত সেই সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় হাজির হন শাকিব খান। প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয় ছবিতেও তিনি ছিলেন আর দশটা নায়কের মতো। নিজেকে আলাদা প্রমাণ করার সুযোগ তখনও হয়নি তার। কিন্তু হাল ছাড়েননি। পরিশ্রম করে গেছেন। যার ফল তিনি পেয়েছেন। এখন তিনি দেশের সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন। আজ তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি। দীর্ঘ এই সময়ে তিনি অর্জন করেছেন ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর ভক্তদের ভালোবাসায় হয়েছেন সুপারস্টার। নামের আগে যোগ হয়েছে মেগাস্টার। বর্তমানে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ২৪৯টি।
দর্শক ভালোবাসায় সব বাধা অতিক্রম করেছি
যাদের জন্য আজকের আমি, তাদের প্রতি ভালোবাসা। সে সব দর্শক-ভক্তরা আমাকে ভালোবাসে বলেই এই দীর্ঘ সময় এখানে টিকে আছি। তাদের ভালোবাসায় সব বাধা অতিক্রম করেছি, আগামীতেও করব। আর চেষ্টা করব কাজের মধ্যে বৈচিত্র্য ধরে রাখতে। যতটুকু সময় পাই গেটআপ, লুক, আর অভিনীত চরিত্রটি নিজের মধ্যে ধরে রাখতে। মানুষের অবিরাম ভালোবাসা আমাকে স্বপ্ন দেখায়।
এখন পর্যন্ত শাকিব খানের অভিনয় জীবনের সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস। এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, দিয়ে যাত্রা শুরু করে এই জুটি। প্রথম সিনেমা ব্যবসাসফল হওয়ায় তাদের জুটিকে নিয়ে নির্মাতারা নির্মাণ করতে শুরু করেন একের পর এক সিনেমা। এই জুটির চলচ্চিত্রের সংখ্যা ৭২। এসবের মধ্যে ব্যবসাসফল চলচ্চিত্রের সংখ্যাও কম নয়।
জিভিসি নিউস/ ইস