ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া, মাস্তান, ঋণখেলাপিরা ঢুকবে? রোববার (১৯ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধুখালীতে গণপিটুনিতে নিহত দুই শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান পূর্বে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমরা একটা শূন্য গহ্বরের ভিতর যেন বসবাস করছি। আমাদের পায়ের নিচে মাটি নেই। কিসের উপর দাঁড়িয়ে আছি নিজেরাই বলতে পারব না। শুধু ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এটা আমার বক্তব্য না, এটা সিডিপির বক্তব্য। আমাদের জিডিপি ১২ শতাংশ নাই হয়ে গেছে। ৯২ হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে। লোপাটকারি কারা এরা সবাই ক্ষমতাসীনদের আত্মীয়স্বজন, কাছের লোক।।
রিজার্ভ থেকে ৫০ বিলিয়ন ডলার উধাও করে দেয়া হয়েছে জানিয়ে রিজভী বলেন, এখন তলানিতে রিজার্ভ। সরকার বলছে, ১৩ বিলিয়ন ডলার আছে। অথচ যারা সচেতন মানুষ তারা বলছেন ৭ থেকে ৮ বিলিয়ন ডলার আছে। এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে ৪ বিলিয়ন ডলার যাবে। রিজার্ভ তো তলানিতেই।
বিএনপির মুখপাত্র বলেন, এক ক্ষুধায় জরাজীর্ণ কৃষ্ণনারীর মুখে লিপস্টিক দিলে যা হয়, এ সরকারের উন্নয়ন হচ্ছে সেই ধরনের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া রিজভী বলেন, ব্যাংকে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্ট তো বৈধ মানুষ যেতে পারে। বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষার প্রতিষ্ঠান। এখানে সাংবাদিকরা তো যেতে পারে। ওবায়দুল সাহেব আপনি এসব কি কথা বলছেন। আপনাদের কাছে লোক যারা ব্যাংকের টাকা লুটপাট করে দেশের বাহিরে বাড়ি করেছেন তাদের কথা সাংবাদিকরা যেন না জানতে পারেন সে জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না।
জিভিসি নিউস/ ইস