ওয়ানডে বিশ্বকাপের ৩৯তম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান। ওয়ানডেতে অসিদের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি আফগানরা। বিশ্বকাপ মঞ্চেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়খড়া কাটাতে চায় তারা।
এখন পর্যন্ত ওয়ানডেতে তিনবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তিন ম্যাচেই জিতেছে অসিরা। এর মধ্যে বিশ্বকাপের মঞ্চে দু’বারের দেখায় দু’বারই জিতেছে অস্ট্রেলিয়া।
২০১৫ সালের বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডের ব্রিস্টলে আফগানদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় অসিরা।
২০১২ সালে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ওই ম্যাচে ৬৬ রানে জিতেছিল অসিরা।
ওয়ানডেতে অস্ট্রেলিয়া-আফগানিস্তান লড়াইয়ের পরিসংখ্যান :
২০১২ : অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী, শারজাহ
২০১৫ : অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী, পার্থ
২০১৯ : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী, ব্রিস্টল
সব মিলিয়ে ওয়ানডেতে তিনবার অস্ট্রেলিয়া-আফগানিস্তান মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া তিনবারই জয়ী।
সূত্র : বাসস